পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারিভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নির্ধারিত কার্ডধারী হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এই বিশেষ বরাদ্দ যথাযথভাবে সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিপুল পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নে ৭ হাজার ৪৪৪ জন কার্ডধারীর জন্য ৭৪.৪৪ মেট্রিক টন, সিদলা ইউনিয়নে ৬ হাজার ৩৪৭ জনের জন্য ৬৩.৪৭ মেট্রিক টন, পুমদী ইউনিয়নে ৫ হাজার ৯৫৪ জনের জন্য ৫৯.৫৪ মেট্রিক টন এবং জিনারী ইউনিয়নে ৪ হাজার ৬৮১ জনের জন্য ৪৬.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শাহেদল ইউনিয়নে ৩ হাজার ৭৬৭ জনের জন্য ৩৭.৬৭ মেট্রিক টন, আড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪৭ জনের জন্য ২০.৪৭ মেট্রিক টন এবং হোসেনপুর পৌরসভায় ৩ হাজার ৮৫ জন উপকারভোগীর জন্য ৩০.৮৫ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সিদলা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিপি অফিসার হামিম তানিম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপকারভোগীদের মাঝে চাল সুষ্ঠুভাবে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা মাপে কম দেওয়ার ঘটনা কঠোরভাবে দমন করা হবে। প্রতিটি অসহায় মানুষ যেন পূর্ণ বরাদ্দের ১০ কেজি চাল সঠিকভাবে পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ঈদ উৎসবকে আনন্দময় করতে সরকার এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এর সুফল যেন প্রকৃত অভাবীরা পায় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।