কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুস সালাম (৪০) নামের এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম উপজেলার টানপাড়া এলাকার মৃত মো. আবদুস জব্বারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন এবং চার কন্যাসন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গড়মাছুয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
w3এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। চার কন্যাসন্তানের পিতার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।