পবিত্র ঈদুল ফিতরের পর আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল সাজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেখা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো রঙিন বেলুন ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছিল, যা ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে নতুন করে জাগিয়ে তোলে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন। দীর্ঘ ছুটির পর ছাত্র-ছাত্রীরা যখন হাসিমুখে একে অপরের সাথে মিলিত হয়, তখন পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।”
এ সময় উপস্থিত ছিলেন— মুহাম্মদ জিয়াউল হাসান, সহকারী সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই কিশোরগঞ্জ; মাহফুজুর রহমান, পিটিআই কিশোরগঞ্জ; মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার; মফিজ উদ্দিন ভূইয়া, ইউআরসি ইন্সট্রাক্টরসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় অভিভাবকগণ।
আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।