‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এবং বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. ইসকেন্দার আলীসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী পুষ্টিমেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। এছাড়া একটি শোভাযাত্রা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।