বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
নওগাঁয় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলায় রাস্তা সংস্কার কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ এবং দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কাজী রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ‘ভাগসুন্দর-বিশা’ সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামেন ওই দুই সাংবাদিক। স্থানীয়দের অভিযোগ, গাইডওয়াল নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। তিন নম্বর ইটের খোয়া ও মরিচাধরা পুরোনো রড ব্যবহারের পাশাপাশি নামমাত্র সিমেন্ট দেওয়ায় কাজ শুরুর অল্প সময়ের মধ্যেই দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া গাইডওয়ালের নিচ থেকে গভীরভাবে বালি উত্তোলন করে সেই বালি দিয়েই রাস্তা ভরাট করা হচ্ছে, যা বর্ষা মৌসুমে ঝুঁকি তৈরি করতে পারে।

ভুক্তভোগী সাংবাদিক উত্তাল মাহমুদ জানান, এ বিষয়ে তথ্যের জন্য কয়েকদিন ধরে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার অফিসে গিয়ে দেরির কারণ জানতে চাইলে অফিসের কিছু কর্মচারী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তিনি অভিযোগ করেন, অফিস সহায়ক এমদাদ, অফিস সহকারী সালাম এবং কম্পিউটার অপারেটর দীপ্ত তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অফিস ত্যাগ করতে বলেন।

অন্য ভুক্তভোগী সাংবাদিক কাজী রহমান বলেন, “ভদ্রভাবে কথা বলতে বললে তারা আরও উত্তেজিত হয়ে হুমকি দেয় এবং অশালীন ভাষা ব্যবহার করে।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, “কোনো সাংবাদিক তথ্য চাইলে তাকে সহযোগিতা করা উচিত। বিষয়টি জেনেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, সরকারি দপ্তরে তথ্যপ্রাপ্তিতে বাধা ও সাংবাদিকদের হেনস্তা সুশাসন ও স্বচ্ছতার জন্য উদ্বেগজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com