কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘর থেকে নাছরিন বেগম (৬০) নামে এক নারীর পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী এবং পরিবার-পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত মাঠকর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার লোকজন ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি বাড়ির লোকজনকে জানালে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে।