“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।
দিবসের শুরুতে আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। মেলায় পপি, নারী উদ্যোগ কেন্দ্র, ভূমি জরিপ আইনসহ মোট ৬টি স্টল অংশগ্রহণ করে।
আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সুপ্রিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) স্বাগত সাম্য। এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাকসুদা পারভীন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।