বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, চোরাই পথে বাংলাদেশে চা আসা বন্ধ করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চোরাই পথে দেশে চা এসে দেশীয় চায়ের মান ক্ষুন্ন করে ফেলছে।
রোববার (১২ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি তার বক্তব্যে এ কথাগুলো বলেন।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রমসংস্থা ইনজিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্টের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম, কমলগঞ্জের ইউএনও আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আ.লীগ সভাপতি আছলম ইকবাল, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে এবং সজল কৈরী ও মীনা রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।