মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভিতর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে একটি সাদা বানর আহত হয়েছে। বানরটির হাত ও একটি পা মারাত্মকভাবে জখম পেয়েছে। আহত বানরটিকে বনবিভাগ উদ্ধার করে পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে বিট অফিসে রাখা হযেছে । ঘটনাটি বৃহস্পতিবার রাত ৯টায় লাউয়াছড়ার ডলুবাড়ি এলাকায় ঘটেছে।
বনবিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে লাউয়াছড়া এলাকার ডলুছড়া নামক স্থানে একটি বানর বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানালে রাত ৯টায় বনবিভাগ লোকজন আহত বানরটি উদ্ধার করে। বানরটি হাত ও একটি পা মারাত্মক ভাবে ঝলছে যায়। বনকর্মীরা বানরটিকে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সুস্থ্য হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
জীববৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ বলেন, স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে বনবিভাগকে খবর দিলে তারা আহত বানরটিকে উদ্ধার করেন।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন বানর আহত হবার কথা স্বীকার করে বলেন, খবর পেয়ে লাউয়াছড়া বিটকর্মকর্তা আনোয়ার হোসেনসহ অন্যনান্যরা বানরটিকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। সুস্থ্য হলে অবমুক্ত করা হবে।