বিশ্ব কুষ্ঠ দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে শোভাযাত্রা শেষে কুষ্ঠরোগী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় শোভাযাত্রা শেষে পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধকতা ও বৈসম্যহীন স্বদেশ, কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ কমলগঞ্জের উদ্যোগে এই শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাত্রখোলা চা বাগানের বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবনাথেল সভাপতিত্বে ও হীড বাংলাদেশ কমলগঞ্জ ইউনিটের কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহকারী পঞ্চম কৈরীর সঞ্চালনায় সমাবেশে অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা পরেশ দেবনাথ, সাংবাদিক আসহাবুর ইসলাম,শিক্ষক প্রদীপ পাল, মঞ্জু চক্রবর্তী ও সিপ্রা গোয়ালা প্রমুখ।
অনুষ্ঠানে চা বাগানের কুষ্ঠরোগ সনাক্তকৃত ও চিকিৎসা গ্রহনকারী চা বাগানের অর্ধ শতাধিক নারী-পুরুষ শ্রমিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান ও গ্রামাঞ্চলে এ রোগে সাড়ে তিন শতাদিক রোগীকে চিহ্নিত করা হয়েছে। তাই শরীরের কোথাও দাগ থাকলে সেটি কুষ্ঠ বিভাগের কর্মীদের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা গ্রহন করতে সবাইকে সচেতন হতে হবে।
শুরু থেকেই প্রকৃত চিকিৎসা গ্রহন করলে কুষ্ঠরোগও নিরাময় সম্ভব বলে তারা দাবি করেন।