আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে সদরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় সর্বজনীন ও ব্যক্তিগতভাবে ৩৯৬টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ৫৭টি পূজা মন্ডপ তৈরী করা হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার হল রুমে দুর্গাপূজার প্রস্তুতিমূলক এ সভাটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম, লে. কর্নেল রাহেমিন মাহমুদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, পাগলা মসজিদের ইমাম মাওলানা মুফতি খলিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্রী শ্রী কালীবাড়ীর সাধারণ সম্পাদক পলাশ কুমার দত্ত প্রমুখ।
এছাড়াও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পল্লব কর, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি নিলয় পাল, সঞ্জয় সরকার, জয়ন্ত রায় প্রমুখ।
উল্লেখ্য, এ বছর ৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।