গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাসায় ঢুকে তার ওপর হামলা চালানো দুর্বৃত্তদের মুখে মাস্ক ছিল। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে হামলায় ছিল দু’জন। তাদের একজনকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। আরেকজনের চেহারা বোঝা যাচ্ছিল না। বুধবার রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়েরই শরীর ও মাথায় আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। হাতুড়ি কিংবা ভারী কোনো বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদা খানমকে হেলিকপ্টারে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। তার বাবা রংপুরে চিকিৎসাধীন।
জানা গেছে, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে হাঁটার জন্য বের না হওয়ায় তার সঙ্গীরা খোঁজ নিতে বাড়িতে যান। পরে বাড়িতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ইউএনও ও তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনওর ওপর হামলার সংবাদ পেয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক, জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম ও পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।