হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী চর-কাওনা উত্তর পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তারুজ্জামান নামে এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেজে, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী চর-কাওনা উত্তর পাড়া গ্রামের আক্তারুজ্জামানের পরিবারের সাথে একই গ্রামের আবুল কাশেম গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন রাতে চর-কাওনা বাজার থেকে বাজার করে আক্তারুজ্জামান (৬০) বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মোটর সাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাক্তক জখম করে।
তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ্এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে সার্কেল এএসপি মো. আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ কার্যকরী উদ্যোগ গ্রহনে সচেষ্ঠ রয়েছে পুলিশ।