কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুলের ৬ মাস পূর্তি উপলক্ষে অগ্রগতি মূল্যায়ন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এসময় আলোচনা সভায় অনলাইন স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেছেন অতিথিবৃন্দ। জীবনের ঝুঁকি নিয়েও করোনার ভয়কে জয় করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা অফিসার ও শিক্ষকদের ধন্যবাদ দিয়েছেন জেলা প্রশাসক।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা খানম, উপজেলা শিক্ষা অফিসার মো: এনামুল হক খান। এছাড়াও কিশোরগঞ্জ সদরের প্রত্যেক প্রাইমারি স্কুল থেকে একজন করে শিক্ষক উপস্থিত ছিলেন। সমন্বকের দায়িত্বে ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো: আবুল বাশার মৃধা।
কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বিগত ৬ মাস যাবত কিশোরগঞ্জ সদর অনলাইন স্কুল নামে একটি ফেইসবুক পেইজে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রেখেছে প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকা ছাড়াও এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আজকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য যে, করোনা মহামারিতে সারা দেশে যখন শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছিল ঠিক সেই মূহূর্তে সরকারের নির্দেশনা মোতাবেক সংসদ টিভির পাশাপাশি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌকস সহকারি শিক্ষা অফিসার মো: আবুল বাশার মৃধার সমন্বয়ে সদরের প্রাথমিক বিদ্যালয়ের সেরা সেরা শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনলাইনে (ফেইসবুক পেইজে) ভিডিও শিক্ষা কার্যক্রম চালু করে। সেই সাথে কিশোরগঞ্জ ক্যাবল অপারেটর KCN Music চ্যানেলে সকল ক্লাশগুলো পুন:প্রচার করার ব্যবস্থা করে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদির মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সয়ংসম্পূর্ণ হয়ে ওঠে আজকের “কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুল” শিক্ষা কার্যক্রাম।