ময়মনসিংহের ত্রিশালে আজ শনিবার (১৬ অক্টোবর) বালুবাহী ট্রাকের ধাক্কায় বাসের ছয় যাত্রীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।
ওসি মাঈন উদ্দীন আরও বলেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক আছে।