তিনি বলেন, ‘এই ভবন মালিকের পরিচয় পাওয়া গেলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আমরা মালিকের পরিচয় পেয়েছি, তাও অন্য একটি মাধ্যম থেকে। পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টার পরও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।’
এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় মামলার বিষয়ে আইজিপি বলেন, ‘যারা নিহত অথবা আহত হয়েছেন তাদের স্বজনদের মধ্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বা তাদের স্বজনেরা মামলার বাদী হওয়ার প্রথম দাবিদার। যদি তা পাওয়া না যায় তাহলে রাষ্ট্র বাদী হয়ে মামলা করে।’
আইজিপি বলেন, ‘কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আমাদের কাছে এফআর টাওয়ারটি বুঝিয়ে দেবে। তারপর আমাদের কার্যক্রম কি হবে সেটা আমরা চূড়ান্ত করেছি। প্রতিটি ফ্লোরে পুলিশের নেতৃত্বে একটি করে টিম যাবে। সঙ্গে ফায়ার সার্ভিস আর অফিসগুলোর প্রতিনিধিরা থাকবেন। কারও কোনো মূল্যবান জিনিস থাকলে সেগুলো যেন খোয়া না যায়, আমরা সেগুলো তাদের কাছে বুঝিয়ে দেব। বুয়েটের একটি দল আন-অফিসিয়ালি এসেছে। আগামীকাল বা পরশু আনুষ্ঠানিকভাবে তাদের একটি দল আসবে। তারা যদি নিরাপদ বলেন তাহলে ভবন খুলে দেব; আর না বললে ভবন খোলা হবে না।’
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগে। আগুনের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের গুলশান জোন।