শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৩ মিনিটে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে যান। তার সঙ্গে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার জন্য সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জনগণের প্রত্যাশা রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হবে। আমরা আশা করব, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ (রূপরেখা) দেয়া হবে।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের হয়রানি করা হয়েছে, সেগুলো প্রত্যাহারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারাও (সরকার) একমত হয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোভাবেই একমত হব না। আগে জাতীয় নির্বাচন দিতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। এটা আগেও পরিষ্কার করে বলেছি।

দ্রব্যমূল্যের বিষয়ে বৈঠকে জোরালো কথা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদেরকে জানিয়েছি, এ সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা বলেছেন যে, এ নিয়ে কাজ করছে সরকার। দ্রুত সমাধানের চেষ্টা করবে বলে জানিয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা নিয়েও কথা হয়েছে বিএনপির প্রতিনিধি দলের। ৃএ নিয়ে দলের মহাসচিব সাংবাদিকদের বলেন, এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, অতীতের মতো কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয় তা বলেছি। কোনো নির্দোষ বা নিরাপরাধ ব্যক্তি যেন এই অভিযানের শিকার না হন।

মির্জা ফখরুল বলেছেন, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, তার দায় সরকার এড়াতে পারে না। কারণ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে, যার ফলে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদীরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে।

এদিকে, আজ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না? তিনি স্পষ্ট জানিয়ে দেন, কথা হয়নি। জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না তার দল বিএনপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com