বিএনপি নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে গণতান্ত্রিক বাম জোটের কয়েকটি দলের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করেছে। রোববার বিকাল ৪টা থেকে বনানীর হোটেল সেরিনায় এক ঘণ্টাব্যাপী এ আলোচনায় অংশ নেয় সিপিবি ও বাসদসহ কয়েকটি বাম দলের নেতারা। মূলত আসন্ন জাতীয় নির্বাচন এবং নির্বাচনপূর্ব প্রয়োজনীয় সংস্কার নিয়ে মতবিনিময় হয় এ বৈঠকে।
বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, “সিপিবি ও বাসদের নেতাদের সঙ্গে আমরা অনানুষ্ঠানিক আলোচনায় বসেছিলাম। তারা মনে করেন, ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। আমরাও সে লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৈঠক শেষে বলেন, “আজকের বৈঠক ছিল একেবারেই অনানুষ্ঠানিক—আমন্ত্রণে চা খেতে এসেছিলাম, কিন্তু রাজনীতিবিদরা যখন বসেন, তখন স্বাভাবিকভাবেই রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা হয়। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর কেন, তার আগেই নির্বাচন সম্ভব, যদি প্রয়োজনীয় সংস্কার দ্রুত করা যায়।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন ঘোষণার সময়সীমা নির্ধারণ করতে হবে। অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ—যেটাই হোক, তা এখনই ঘোষণা করতে হবে। কারণ, দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা রাজনৈতিক সংকট কাটিয়ে গণতন্ত্রের পথে ফিরতে পারব।
সিপিবির উপদেষ্টা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “যারা নির্বাচন করতে চায় এবং তার মাধ্যমেই সংস্কার করতে চায়, তারাই প্রকৃত সংস্কারের পক্ষের শক্তি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া টেকসই সংস্কার সম্ভব নয়।”
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “নির্বাচন ও সংস্কারকে একে অপরের প্রতিপক্ষ বানানোর কোনো প্রয়োজন নেই। দুই প্রক্রিয়া একসঙ্গেই চলতে পারে। নির্বাচিত পার্লামেন্টই সংস্কার কার্যকর করতে পারে।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে তারা জানিয়েছে জুলাইয়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। এই বিষয়টি প্রধান উপদেষ্টাকেও অবহিত করা হয়েছে।
বৈঠকে বাম দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।