কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” (PBGS) স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালের পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮ জন এবং ২০২৩ সালের পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট ২০ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম এবং ভোকেশনাল পরীক্ষার কৃতী শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার বদরুজ্জামান তালুকদার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগায়। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আসতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও একজন কৃতি শিক্ষার্থী, অভিভাবক সদস্য, শিক্ষক ও সাংবাদিক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সম্পন্ন হয়।