শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিনকে উদ্দেশ্য করে জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার কটাক্ষে বৈঠকে উত্তেজনা তৈরি হয়। পরে তিনি ক্ষমা চান।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২৩তম দিনের সংলাপে এ ঘটনা ঘটে। বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দুপুর ১টা ৫০ মিনিটের পর পিআর নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তাঁরা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না। তিনি উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না।’

এরপর জাভেদ রাসিন বলেন, ‘ভোটের সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ গঠিত হলে, সেটি তো জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয়।’ এর পর সালাহউদ্দিনের ব্যাখ্যার মাঝেই হুদা মন্তব্য করেন, ‘২০২৩ সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন।’ জাভেদ রাসিন মাইক ছাড়া প্রতিবাদ করলে সংলাপে উত্তেজনা সৃষ্টি হয়।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ তখন বলেন, ‘হুদা ভাই, এখানে আমরা কে কেন এসেছি, সে প্রশ্ন তুললে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ যদি সে প্রশ্ন করেন, তাহলে রাজনৈতিক শক্তি হিসাবে আমাকেও সে প্রশ্ন করতে পারেন। আমরা সে আলোচনায় যাচ্ছি না।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘তিনি এ কথা বলতেই পারেন না।’ সালাহউদ্দিন আহমেদ তাঁকে শান্ত করেন। আখতার বলেন, ‘সবাইকে নিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছি। গোটা অভ্যুত্থানে ছাত্র-জনতা মাঠে নেমে আসল, সেটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে। এটার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত।’

সালাহউদ্দিন আহমেদ তখন হুদাকে উদ্দেশ্য করে বলেন, ‘কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে, তার জন্য সরি বলেন।’ হুদা পরে মাইক নিয়ে বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম, ২০২৩ সালে আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিলাম, তখন সে প্রস্তাবটি (পিআর) কোথায় ছিল। তারপরও কেউ যদি আঘাত পেয়ে থাকে, আমি দুঃখিত।’

মধ্যাহ্নভোজের বিরতির পর সম্মেলন কক্ষে হুদাকে আখতারের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার আপনাদের নিয়ে প্রশ্ন করার ইনটেনশন ছিল না।’ পরে আখতার হুদাকে জাভেদ রাসিনের সঙ্গেও কোলাকুলি করিয়ে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com