রোববার মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিদ্রোহী গোষ্ঠীরা বোমা হামলা চালিয়ে ঐতিহাসিক গোকটেইক রেলসেতু ধ্বংস করেছে। জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন বলেছেন, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি উড়িয়ে দিয়েছে।
গোকটেইক রেলওয়ে সেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালু করা এই সেতু তখন বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্ত করা এই সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।
তবে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, জান্তা সেনাদের বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘‘আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করে। তারা আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।’’
সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে দেশটির জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা।