ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থীদেরও অভিনন্দন, যারা বিজয়ী হয়েছেন। অভিনন্দন জানাই সেই সব অংশগ্রহণকারীদের, যারা এ নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এভাবেই অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি লিখেছেন, ছাত্রশিবিরের ব্যাপক বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। আমি শুধু একটি কথাই বলবো—এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ দিয়ে অসংখ্য শিবির কর্মী ও সাধারণ ছাত্রকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। শিবির সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ করা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এসবের বিরুদ্ধে আমি নিরন্তর প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেও কখনো থামিনি।
আইন উপদেষ্টা আরও বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমি এই থিমকে কেন্দ্র করে ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাস লিখেছিলাম। এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি। শিবিরের নেতাদের প্রতি আমার আহ্বান—গণঅভ্যুত্থানকারীদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করুন।
তিনি স্মৃতিচারণ করে বলেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল-চেয়ার দেখে মনে হতো বস্তির মতো পরিবেশ। ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতর উঁকি দেওয়ার মতো অবস্থাও ছিল না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতকিছুই নেই, কত সমস্যা! আশা করি, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা সমাধান করবেন। দোয়া রইল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ।