সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দলীয় নেতাকর্মীদের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ এমপির বিরুদ্ধে, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
দলীয় নেতাকর্মীদের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ এমপির বিরুদ্ধে, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজ বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, রোববার (৫ এপ্রিল) মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান ও এপিএস মোহাম্মদ আলী এবং গোল্ডেনসহ ১০-১২ জন ব্যক্তি মারধর করতে করতে টেনে-হিঁচড়ে এমপির নিজ বাসভবনে নিয়ে যায়। সেখানে বাড়ির নিচতলায় টর্চার সেলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলা হয়, “তোকে যদি মান্দা উপজেলার বিএনপি কমিটির লোকজনের সঙ্গে কর্মসূচি পালন করতে দেখি, তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।” পরে তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তার ওপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের অংশ বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, নির্বাচনে বিজয়ের পর থেকে এমপি টিপু দলীয় ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্য ও গোপন আঁতাতে জড়িয়েছেন। তার নিজস্ব বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি ও খাসপুকুর দখল, ত্রাণ ও ভর্তুকি বিতরণে অনিয়মসহ নানা অভিযোগও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় নেতা তারেক রহমানের কাছে বিচার দাবি করে বলেন, এমপি টিপুর বিরুদ্ধে আনীত অভিযোগ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করে মান্দা উপজেলার স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশো ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুলসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com