কিশোরগঞ্জের হাওরাঞ্চল তাড়াইল উপজেলায় টানা অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকদের কষ্টের বোরো ধান। একই সঙ্গে নদ-নদীর পানি বাড়তে থাকায় আগাম বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
গত তিন দিনের ভারী বর্ষণে উপজেলার হাওরের নিম্নাঞ্চলে পানি জমে গেছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার সকাল থেকে টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুধু ধানক্ষেত নয়, শাকসবজির জমিতেও পানি জমে চাষিরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বুধবার (২৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ হাওর এলাকার নিচু জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কোথাও কোথাও পানি কমার পরিবর্তে আরও বাড়ছে। এতে ধান কাটাও ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, অতিবৃষ্টিতে শত শত একর জমির ধান পানিতে ডুবে যাচ্ছে। অনেক জমিতে পানি বেড়ে যাওয়ায় মেশিন দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৩৬৫ হেক্টর, তবে আবাদ হয়েছে ১০ হাজার ৪২০ হেক্টর জমিতে। তিনি বলেন, এখনো হাওরের পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম বন্যার ঝুঁকি এড়াতে ধান ৮০ শতাংশ পাকলেই দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের সতর্ক করা হয়েছে।