রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক সেলিম রেজা এই আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার তিনজন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার তথ্য মিলেছে। তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ে সরবরাহ করতেন। মামলার পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থের উৎস উদ্ঘাটন এবং অস্ত্র উদ্ধারের স্বার্থে তাঁদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে ডিবি।